মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর সদর উপজেলায় বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় মোস্তফা বেপারী (৭৮) নামের এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। সোমবার (১১ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শিরখাড়া-শ্রীনদী আঞ্চলিক সড়কের আলমমীরের কান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তফা বেপারী আলমমীরের কান্দি গ্রামের মৃত আজিমুদ্দিন বেপারীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় তিনি রাস্তার পাশ দিয়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। হঠাৎ পেছন থেকে একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয় বাসিন্দাদের দাবি, শিরখাড়া-শ্রীনদী সড়কের দুই পাশে যত্রতত্র ইট, বালু ও ইটের খোয়া স্তূপ করে রাখা হয়েছে। রাস্তা সংকুচিত হয়ে থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে তারা অভিযোগ করেন। সড়কের ওপর এই ধরণ এর নির্মাণ সামগ্রী রাখায় সাধারণ মানুষের চলাচল এখন বেশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
শ্রীনদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজেদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।