নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজ, কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে মঙ্গলবার (১০ মার্চ) এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর কাকরাইলস্থ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে উৎসবমুখর ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজের সভাপতি এ্যালবার্ট পি. কষ্টা-এর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম (ভিপি শহিদ)-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী লায়ন ফরিদুল ইসলাম ইফতারের মাহাত্ম্য ও সামাজিক সংহতির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। দেশ ও জনগণের কল্যাণে সংগঠনটির গঠনমূলক ভূমিকা তুলে ধরে তিনি গণমাধ্যমের কর্মীদের প্রতি এই সংগঠনকে সার্বিক সমর্থন ও সহযোগিতা প্রদানের অনুরোধ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ নেতা ও খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজ, কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বিশেষ অতিথিকে সম্মাননা স্মারক তুলে দেন সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম ভিপি শহিদ।
ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি কাজী শহিদুল ইসলাম, সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. শহিদুল্লাহ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি এ কে জাহিদ, সহ-সভাপতি মোহাম্মদ অপু, এবিএম মুকুল, স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন সাবু এবং ছাত্রদলের সহ-সভাপতি শামীম আহমেদ ও যুগ্ম-সম্পাদক মোয়াজ্জেম হোসেন, ইউসুফ আলী প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা জাতীয় ঐক্য, দেশের সার্বিক সমৃদ্ধি ও কল্যাণ এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর জোর দেন। একই সঙ্গে তাঁরা দেশের চলমান সংকট নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
আলোচনা শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশনের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।