মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের নবার মোড়ে চলন্ত ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ভয়াবহ সংঘর্ষে শ্যালক ও দুলাভাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে মাদারীপুর-শ্রীনদী সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নেত্রকোনা জেলার রফিকুল ভূঁইয়ার ছেলে সাইমুন ভূঁইয়া (৩৫) এবং রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের সোনাপাড়া গ্রামের পান্নু খাঁর ছেলে নাজমুল খাঁ (১৭)। সম্পর্কে তাঁরা শ্যালক ও দুলাভাই।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে কালির বাজার থেকে মোটরসাইকেলযোগে নাজমুল ও তাঁর দুলাভাই সাইমুন রাজৈরের সোনাপাড়ার উদ্দেশ্যে রওনা দেন। পথে নবার মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে ট্রাকের নিচে ঢুকে যায়। এ সময় ঘটনাস্থলেই সাইমুন ভূঁইয়া প্রাণ হারান। পরে স্থানীয়রা গুরুতর আহত নাজমুলকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁরও মৃত্যু হয়।
খবর পেয়ে শ্রীনদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠান। পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে এবং চালক সূর্য মিয়াকে আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।