মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে সাধারণ রোগী সেজে আকস্মিক পরিদর্শন করেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। বুধবার (৪ মার্চ) সকালে পূর্বঘোষণা ছাড়াই হাসপাতালে উপস্থিত হয়ে সরাসরি চিকিৎসাসেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি।
হাসপাতাল সূত্রে জানা যায়, এদিন সকালে সাধারণ রোগীর মতোই লাইনে দাঁড়িয়ে বহির্বিভাগের (আউটডোর) টিকিট সংগ্রহ করে চিকিৎসকের শরণাপন্ন হন এই সংসদ সদস্য। এরপর নিজের পরিচয় দিয়ে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় তিনি প্রতিটি চিকিৎসকের কক্ষে গিয়ে তাঁরা সময়মতো উপস্থিত আছেন কি না, রোগীরা যথাযথ সেবা পাচ্ছেন কি না এবং প্রয়োজনীয় ওষুধের সরবরাহ ঠিক আছে কি না—সে বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন।
পরে তিনি হাসপাতালের জরুরি বিভাগ (ইমার্জেন্সি) পরিদর্শন করেন এবং সেখানে আসা রোগীরা দ্রুত চিকিৎসা পাচ্ছেন কি না, সে বিষয়ে দায়িত্বরত চিকিৎসক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এছাড়া হাসপাতালে ভর্তি থাকা রোগীদের ওয়ার্ডে গিয়ে তাঁদের সঙ্গে সরাসরি কথা বলে চিকিৎসাসেবা, সরবরাহকৃত খাবার এবং হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা নিয়ে রোগীদের সন্তুষ্টির কথা জানতে চান।
পরিদর্শন শেষে সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবেই সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা নিশ্চিত করতে হঠাৎ এই পরিদর্শনে এসেছি। সাধারণ মানুষ যেন কোনোভাবেই সরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হন, সেটি নিশ্চিত করা আমাদের দায়িত্ব।"
তবে পরিদর্শনকালে হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা ও চিকিৎসকদের উপস্থিতিতে তিনি সন্তোষ প্রকাশ করেন।