এনামুল হক, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে খেলাফত মজলিসের উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস ছাত্তারের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বরমী বাজারের জামিয়া আনওয়ারীয়া মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তারা বিএনপিতে যোগ দেন।
অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর হাতে ফুল দিয়ে তারা দলে যোগদান করেন।
বিএনপিতে যোগদানকারী উল্লেখযোগ্য নেতারা হলেন খেলাফত মজলিস শ্রীপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস ছাত্তার, সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন, বরমী আনওয়ারীয়া মাদ্রাসার মুহতামিম মুফতি আশেকে মোস্তফা এবং সদস্য ইকবাল হোসেনসহ আরও অনেকে।
যোগদানকালে মাওলানা আব্দুস ছাত্তার বলেন, “দীর্ঘ লড়াই-সংগ্রাম ও রক্তের বিনিময়ে স্বৈরাচার বিদায় হলেও আমাদের প্রত্যাশা পুরোপুরি পূরণ হয়নি। যারা ইসলামি রাষ্ট্র কায়েমের কথা বলছেন, বাস্তবে তারা ইসলামের মূল আদর্শ থেকে দূরে। দেশের প্রেক্ষাপটে বিএনপিই আলেম সমাজকে সবচেয়ে বেশি সম্মান দেয়। তাই আজ আমরা অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপির পতাকাতলে শামিল হলাম।”
বিএনপি নেতা অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, “খেলাফত মজলিসের সভাপতির নেতৃত্বে অর্ধশতাধিক আলেমের বিএনপিতে যোগদান অত্যন্ত আনন্দের বিষয়। বিগত সরকারের আমলে দেশের আলেম সমাজ সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। বিএনপি সবসময় আলেমদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হলে আলেম সমাজ রাষ্ট্রীয়ভাবে সম্মানিত হবে ইনশাআল্লাহ।”
যোগদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ মাওলানা এস এম রুহুল আমিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।