Date: April 16, 2026

দৈনিক বজ্রশক্তি - অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে ডিবিএল কারখানার ৩ কর্মকর্তাকে তুলে নিয়ে কুপিয়ে জখম, গ্রেপ্তার ৫

শ্রীপুরে ডিবিএল কারখানার ৩ কর্মকর্তাকে তুলে নিয়ে কুপিয়ে জখম, গ্রেপ্তার ৫

April 02, 2026 08:00:53 AM   উপজেলা প্রতিনিধি
শ্রীপুরে ডিবিএল কারখানার ৩ কর্মকর্তাকে তুলে নিয়ে কুপিয়ে জখম, গ্রেপ্তার ৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে ডিবিএল গ্রুপের 'জিন্নাত নিটওয়্যার লিমিটেড' নামক তৈরি পোশাক কারখানার তিন কর্মকর্তাকে মুক্তিপণের দাবিতে তুলে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেছে চিহ্নিত সন্ত্রাসীরা। খবর পেয়ে কারখানা কর্তৃপক্ষ পুলিশের সহযোগিতায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (১ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ধনুয়া গ্রামে এ রোমহর্ষক ঘটনা ঘটে। পুলিশ রাতভর অভিযান চালিয়ে চাঁদাবাজ চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করলেও মূল হোতা ইমন এখনো ধরাছোঁয়ার বাইরে।

অপহরণ ও হামলার শিকার কর্মকর্তারা হলেন জিন্নাত নিটওয়্যার কারখানার কাটিং সেকশনের অফিসার নিশাদ (৩৫), মিঠুন (৩২) ও অরূপ কুমার (৩৮)।

গ্রেপ্তারকৃতরা হলেন শ্রীপুর উপজেলার ধনুয়া গ্রামের শাহীন আলম (২৬), নয়ন মিয়া (৩৪), রবিন (৩০), দুলাল মিয়া (৩৩) ও মাহাবুব হোসেন (৩০)। পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, তাঁরা সবাই চিহ্নিত অপরাধ চক্রের সদস্য এবং তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, ছিনতাই ও জমি দখলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

কারখানার সামনের চা দোকানি মনিরুল ইসলাম বলেন, "আনুমানিক রাত ১০টার দিকে কারখানার ওই তিন অফিসার আমার দোকানে চা খেতে আসেন। এ সময় হঠাৎ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত কয়েকজন সন্ত্রাসী এসে তাঁদের মারধর শুরু করে এবং জোরপূর্বক তুলে নিয়ে যায়। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা তাঁদেরও ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়।"

জিন্নাত নিটওয়্যার লিমিটেডের এইচআর অ্যাডমিন মাহামুদুল হুদা বলেন, "কর্মকর্তাদের তুলে নেওয়ার খবর পেয়ে আমরা সাথে সাথে পুলিশের সঙ্গে যোগাযোগ করি। প্রায় তিন ঘণ্টা খোঁজাখুঁজির পর চিহ্নিত সন্ত্রাসী ইমনের বাড়ির পাশ থেকে তাঁদের রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা খুবই সংকটাপন্ন।"

স্থানীয় গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. এনামুল হক মনি বলেন, "রাতে খবর পেয়ে কারখানার লোকজন ও পুলিশ সদস্যদের সঙ্গে অভিযুক্ত ইমনের বাড়ির পাশ থেকে ওই তিন কর্মকর্তাকে উদ্ধার করা হয়। তাঁদের এলোপাতাড়িভাবে কোপানো হয়েছে। এই সন্ত্রাসী চক্রের সদস্যদের মধ্যে দুজন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী বলে জেনেছি। তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে তাঁদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।"

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, "খবর পেয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে অভিযান চালিয়ে তিনজনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মারাত্মকভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হাত-পাসহ পুরো শরীরে জখম করা হয়েছে। রাতভর অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে চক্রের মূল হোতা ইমনসহ তিনজন এখনো পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।"