মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণার্থী রেটিংসদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে ইনস্টিটিউটের নিজস্ব ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মাধ্যমে ৯৫ জন প্রশিক্ষণার্থী তাদের আনুষ্ঠানিক প্রশিক্ষণ শেষ করে কর্মজীবনে প্রবেশের প্রস্তুতি সম্পন্ন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজীব আহসান। বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া।
এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মো. শফিউল বারী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেরিন ইঞ্জিনিয়ার মো. শহীদুল্লাহ।
শিক্ষা সমাপনী কুচকাওয়াজে অংশ নেওয়া ৯৫ জন প্রশিক্ষণার্থী সুশৃঙ্খল প্যারেডের মাধ্যমে তাদের দীর্ঘ প্রশিক্ষণের দক্ষতা প্রদর্শন করেন। কুচকাওয়াজ শেষে কৃতী প্রশিক্ষণার্থীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে দেশি-বিদেশি জাহাজ মালিক, শিপিং এজেন্ট, সামরিক ও বেসামরিক বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তা এবং প্রশিক্ষণার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। নতুন এই নাবিকরা এখন থেকে দেশি ও বিদেশি সমুদ্রগামী জাহাজে কাজ করার সুযোগ পাবেন। তারা তাদের অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে দেশের অর্থনীতির চাকাকে আরও সচল রাখবেন বলে অতিথিরা আশা প্রকাশ করেন।